গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মোছাঃ উম্মে সালমা শিরিন (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
বুধবার ২৬ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চারমাথা এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি উম্মে সালমা শিরিন দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের মেয়ে, এবং মো. শাহ্ ইয়াজদান জিসানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ এবং উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
সন্দেহজনক গতিবিধি দেখে উম্মে সালমাকে আটক করে তল্লাশি চালালে তার কাছে রক্ষিত ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়।











