নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ইছাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সোনারগাঁ উপজেলার ইছাপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে আব্দুর রহমান (৪৭) এবং তার স্ত্রী সাফিয়া বেগম (৩৫)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপপরিদর্শক (এসআই) নবী হোসেনের নেতৃত্বে পুলিশ বুধবার রাত প্রায় ৮টার দিকে ইছাপাড়া গ্রামে অবস্থিত জাদুঘরের ১ নম্বর গেটের পশ্চিম পাশে ‘বাবার দোয়া’ নামের একটি দোকানের সামনে থেকে ওই দুজনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে আব্দুর রহমানের কাছ থেকে ৩০ পিস এবং সাফিয়া বেগমের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুর রহমানের বিরুদ্ধে এর আগেও সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











