নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় সিগমা ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কোবাগা এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. রাজু মিয়া (২৯) ও মো. আক্তার হোসেন (৩৭)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।
অভিযানকালে রাজু মিয়ার কাছ থেকে ৪০ পিস এবং আক্তার হোসেনের কাছ থেকে ১০ পিস—মোট ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাজু মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি মামলা রয়েছে। ২০২৫ সালের ৫ অক্টোবর দায়ের করা ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয় এবং পরবর্তী সময়ে চার্জশিট দেওয়া হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।











