ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনজনকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেন।
পরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের দোষী সাব্যস্ত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সম্মুখ বৈলর গ্রামের মো. কাশেমের ছেলে মো. রিয়াজ (২৩), আমির উদ্দিনের ছেলে আরিফ (২৬) এবং মৃত হাছেন আলীর ছেলে মো. বাবুল হোসেন (৪০)।
ভ্রাম্যমাণ আদালত রিয়াজকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, আরিফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং বাবুল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬-এর সারণির ১৭ নম্বর এন্ট্রির আওতায় গাঁজা সেবনের অপরাধে এ দণ্ড প্রদান করা হয়েছে। আইন অনুযায়ী এ অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডের বিধান রয়েছে।
অভিযানে ত্রিশাল থানা পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
হারুন অর রশিদ











