মফস্বল শহরেও গড়ে উঠতে পারে আধুনিক পোশাকশিল্প—এমন সম্ভাবনার দৃষ্টান্ত তৈরি করেছে নাটোরের সিংড়ার শিববাড়ি বাজারের ‘অ্যাবসাইন ফ্যাশন’। তিন বন্ধুর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি একদিকে যেমন স্থানীয় চাহিদা পূরণ করছে, অন্যদিকে সৃষ্টি করছে কর্মসংস্থানের সুযোগ।
অ্যাবসাইন ফ্যাশনের উদ্যোক্তা তিনজন হলেন—বাবু মন্ডল (৩৬), সোহাগ আলী সরদার (২৪) ও আব্দুল্লাহ আল আরিফ (৩১)। অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও পারস্পরিক আস্থাকে কাজে লাগিয়েই তাদের এই উদ্যোগের যাত্রা শুরু।
বাবু মন্ডল সিংড়ার কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এইচএসসি ও ডিপ্লোমা সম্পন্ন করার পর তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাওয়ার পয়েন্টে কাজ করেন। সোহাগ আলী সরদার ভাগনাগরকান্দী গ্রামের আকরাম হোসেনের ছেলে এবং বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। অপর উদ্যোক্তা আব্দুল্লাহ আল আরিফ আত্রাই উপজেলার নন্দীগ্রাম এলাকার বাসিন্দা। গার্মেন্টস খাতে তার রয়েছে ১৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
সম্পর্কের দিক থেকেও উদ্যোক্তাদের মধ্যে রয়েছে ঘনিষ্ঠতা। বাবু মন্ডল ও সোহাগ আলী সরদার মামাতো-ফুফাতো ভাই। আর আব্দুল্লাহ আল আরিফ বাবু মন্ডলের ভগ্নিপতি। পারিবারিক সম্পর্কের পাশাপাশি বন্ধুত্ব ও পেশাগত অভিজ্ঞতার সমন্বয়েই গড়ে ওঠে ‘অ্যাবসাইন ফ্যাশন’।
সিংড়া উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়নের শিববাড়ি বাজারে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে কার্যক্রম শুরু হয় এবং মার্চে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বর্তমানে আটটি আধুনিক সেলাই মেশিন নিয়ে চলছে উৎপাদন কার্যক্রম। টি-শার্ট, পলো শার্ট, সুইট শার্ট, জার্সি, ট্রাউজার ও হুডিসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি হচ্ছে এখানে। অনলাইন ডিজাইন ও বিপণনের দায়িত্ব পালন করছেন সোহাগ আলী সরদার। আর উৎপাদন ও সার্বিক ব্যবস্থাপনা দেখছেন বাবু মন্ডল ও আব্দুল্লাহ আল আরিফ。
উদ্যোক্তা বাবু মন্ডল বলেন, কাজের চাপ বাড়লে স্থানীয় তিন থেকে চারজন কর্মী নিয়মিতভাবে তাদের সঙ্গে কাজ করেন। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
২০২৬ সালের বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন দেশের জার্সি ও টি-শার্ট তৈরি করেও ক্রেতাদের মধ্যে সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরির পাশাপাশি অনলাইনভিত্তিক বিপণনেও গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা।
স্থানীয় বাসিন্দা মো. সামাউন আলীসহ কয়েকজন জানান, মফস্বল এলাকায় এমন একটি পোশাক তৈরির প্রতিষ্ঠান গড়ে ওঠায় তারা খুশি। তাদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও আধুনিক বিপণন ব্যবস্থার সমন্বয়ে ‘অ্যাবসাইন ফ্যাশন’ ভবিষ্যতে সিংড়ার গণ্ডি পেরিয়ে দেশের একটি পরিচিত পোশাক ব্র্যান্ডে পরিণত হবে।
উদ্যোক্তাদের স্বপ্নও বড়। উৎপাদন বাড়ানোর পাশাপাশি ধীরে ধীরে কর্মসংস্থান সম্প্রসারণ করে সিংড়ার মাটিতেই একটি সফল ও টেকসই পোশাকশিল্প প্রতিষ্ঠান হিসেবে ‘অ্যাবসাইন ফ্যাশন’কে প্রতিষ্ঠিত করতে চান তারা।











