মার্কিন ডলারের মন্দাভাব এবং যুক্তরাষ্ট্রে সুদের হার হ্রাসের পূর্বাভাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম সাড়ে তিন মাসের রেকর্ড স্পর্শ করেছে। নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে মূল্যবান এই ধাতুর চাহিদা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৪১ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়, যা গত ১৫ মে'র পর সর্বোচ্চ। এর আগে আগের সপ্তাহেও স্বর্ণের দাম ৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়।
বাজার বিশ্লেষকদের মতে, ডলারের সূচক নিম্নমুখী হওয়ায় বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণের দাম নাগালের মধ্যে এসেছে, যা কেনাবেচা বাড়াতে সাহায্য করছে। পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদহার কমাতে পারে—এমন আভাস বিনিয়োগকারীদের স্বর্ণে বিনিয়োগ করতে উৎসাহিত করছে।
এ ছাড়া বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার খড়্গ নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের বাজার আরও শক্তিশালী করেছে।
একই সময়ে অন্য ধাতুর বাজারে স্পট রুপার দর অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৮ ডলার, প্লাটিনাম ০.১ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৮ দশমিক ৮৮ ডলার এবং প্যালাডিয়াম ১ হাজার ৩৫০ ডলারে হাতবদল হয়েছে।
সুত্রঃ রয়টার্স











