সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের প্রাপ্য মুনাফার ক্ষেত্রে কোনো ধরনের হেয়ারকাট বা কর্তনের ব্যবস্থা থাকবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা নির্ধারিত নিয়ম মেনে আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠক হয়। বৈঠক শেষে আমানতকারীদের মুনাফার অর্থে কোনো ধরনের হেয়ারকাট না রাখার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেন গভর্নর।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত গ্রাহকেরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতে থাকা মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রে স্কিমে আগে নির্ধারিত সীমার বাইরেও অর্থ তোলার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। বিষয়টি বাস্তবায়নে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুসারে এরই মধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম চলছে। নতুন নির্দেশনার ফলে ব্যক্তিগত আমানতকারীদের অর্থ উত্তোলনের সুযোগ আরও বিস্তৃত হবে।











