বাংলা কিউআর কোডে লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী করতে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআর-এর মাধ্যমে করা সব লেনদেনে গ্রাহক ও মার্চেন্ট—উভয় পক্ষের ব্যাংক চার্জ না কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানকে দেওয়া হবে প্রণোদনা।
অর্থাৎ, কোনো গ্রাহক দোকানে গিয়ে বাংলা কিউআর কোড স্ক্যান করে ১,০০০ টাকা পরিশোধ করলে, ওই লেনদেনের জন্য গ্রাহকের ব্যাংক এবং মার্চেন্টের ব্যাংক—কোনো পক্ষ থেকেই চার্জ কাটা হবে না।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দোকানপাটে কিউআর কোডের মাধ্যমে অর্থ পরিশোধ আরও জনপ্রিয় হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
যেসব লেনদেনে মিলবে না প্রণোদনা
প্রণোদনা পাওয়ার জন্য কোনো লেনদেনকে ইচ্ছাকৃতভাবে ছোট ছোট অংশে ভাগ করা যাবে না। একইভাবে ব্যর্থ, বাতিল, রিভার্স, রিফান্ড, চার্জব্যাক কিংবা বিতর্কিত লেনদেনের বিপরীতেও প্রণোদনা দেওয়া হবে না।
কোনো মার্চেন্টের ক্ষেত্রে অস্বাভাবিক সংখ্যক বা অস্বাভাবিক ধরনের লেনদেন শনাক্ত হলে সংশ্লিষ্ট পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানকে তা পর্যবেক্ষণ ও যাচাই করতে হবে।
এ ছাড়া কৃত্রিমভাবে লেনদেন ভাগ করা, ক্যাশ আউট বা অন্য কোনো উপায়ে প্রণোদনা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
লেনদেনের রেকর্ড যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে সংশ্লিষ্ট লেনদেন, মার্চেন্ট, নিষ্পত্তি এবং প্রণোদনার রেকর্ড যাচাই ও নিরীক্ষা করতে পারবে। কোনো ক্ষেত্রে ভুল বা অতিরিক্ত প্রণোদনা দেওয়া হলে তা ফেরত নেওয়া হবে অথবা পরবর্তী প্রণোদনার সঙ্গে সমন্বয় করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মার্চেন্ট পেমেন্টকে আরও সহজ করা, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনা এবং একটি নিরাপদ, সাশ্রয়ী ও আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা।
ফলে আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা ও অন্যান্য পেমেন্টে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য লেনদেন আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।











