দেশের বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। সর্বশেষ মঙ্গলবার (২৫ আগস্ট) প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ এখন এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম জানানো হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সারা দেশে এই দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
এর আগে ২২ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এর দুই দিন আগে, ২০ আগস্টও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে টানা তিন দফা দাম বৃদ্ধিতে ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট ১০ হাজার ৯৬৪ টাকা যোগ হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই নতুন দর কার্যকর থাকবে। তবে গহনার নকশা ও তৈরির কাজের ধরন অনুযায়ী ক্রেতাদের নির্ধারিত মজুরি আলাদাভাবে পরিশোধ করতে হবে।











