নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল চলাকালে দুর্বৃত্তদের হামলায় রনি মিয়া (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ (মালদ্বীপ) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চর কিশোরগঞ্জ এলাকায় ওয়াজ মাহফিল চলছিল। এ সময় রেজা মিয়ার ছেলে বাবু মিয়া ও ইকবালের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র ও চাপাতি নিয়ে রনি মিয়া ও তাঁর ছোট ভাই সাব্বির মিয়ার ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা রনিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রনিকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পর চর কিশোরগঞ্জ (মালদ্বীপ) ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কয়েকজনের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এ অভিযোগের স্বাধীন কোনো সত্যতা পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’











