নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আবারও সাফল্য পেয়েছে থানা পুলিশ। বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট ২০২৬ বিকেল ৪টা ২০ মিনিটে সোনারগাঁ পৌরসভার উত্তর নোয়াইল পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রবিউল বাশারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে নিজ বসতঘরের সামনের উঠান থেকে সজিব হোসেন মুছা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সজিব হোসেন মুছা সোনারগাঁ পৌরসভার নোয়াইল পশ্চিমপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে পুলিশের সিডিএমএস (CDMS) তথ্য পর্যালোচনায় গ্রেফতারকৃত সজিব হোসেন মুছার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক ও ফৌজদারি মামলার তথ্য পাওয়া গেছে। ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মোট আটটি মামলার তথ্য রয়েছে। এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলা, দস্যুতা প্রস্তুতির অভিযোগ এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় দায়ের হওয়া ফৌজদারি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও অপরাধবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।











