নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাস টার্মিনাল সংলগ্ন খোরশেদা সিদ্দিক সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আড়াইহাজার উপজেলার দেয়াবৈ এলাকার মো. তরিকুল ইসলাম অন্তর (২৬), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার মো. রাকিব (২৫) এবং নেত্রকোনা জেলার বাসিন্দা বর্তমানে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বসবাসরত মো. মমিন হাসান (২১)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সর্বমোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।











