নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার পরদিন আনোয়ার হোসেন (২৯) নামে এক ইজিবাইক চালকের হাত-মুখ বাঁধা অবস্থায় নিথর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা এলাকার ‘পানাগাড়ি’ নামক স্থানের একটি নির্জন পুকুরপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের শেরকোল কান্দিপাড়া গ্রামের বাসিন্দা গেদু মণ্ডলের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন এবং গাড়ির উপার্জনের ওপর ভিত্তি করেই তার সংসার চলত।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার অন্যান্য দিনের মতোই জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আনোয়ার। তবে দিনশেষে রাত হয়ে গেলেও তিনি আর ঘরে ফেরেননি। মোবাইল ফোনও বন্ধ পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতভর সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
পরদিন সোমবার বিকেলের দিকে পানাগাড়ি এলাকায় একটি আমগাছের নিচে হাত ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তারা সিংড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি আনোয়ারের বলে শনাক্ত করেন।
নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ছিনতাইকারীরা আনোয়ারকে নির্মমভাবে হত্যা করার পর তার ব্যবহৃত ইজিবাইকটি এবং সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে ইতিমধ্যে পুলিশের তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











