নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম কাজী রিপন (৪২)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছুমাবাদ এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কাঁচপুরের পূর্ব সোনাপুর এলাকায় কামাল সর্দারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে কাজী রিপনকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম অব্যাহত থাকবে।











