ধুরুং খালে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ উদ্ধার করেছে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বন উজাড় করে নদীপথে অবৈধভাবে পাচারের সময় প্রায় ১৫ লক্ষাধিক টাকার গোল কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বাইন্যাছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাকিলের নেতৃত্বে একদল সেনা সদস্য ধুরুং খালে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে মজুত করা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ উদ্ধার করেন। জব্দকৃত এসব কাঠ ও বাঁশের আনুমানিক বাজারমূল্য ১৫ লক্ষাধিক টাকা।
পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্টারের নিকট হস্তান্তর করা হয়।
সবুজ পাহাড়ের প্রাকৃতিক সম্পদ রক্ষায় এবং অবৈধ কাঠ ও বাঁশ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।











