নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ১৬ আগস্ট রোববার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল মান্দা থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মান্দা থানাধীন সতিহাট ঋষি পাড়া গ্রামে একজন মুদি দোকানদার দোকানদারির পাশাপাশি নিজ বাড়িতে গাঁজা রেখে মাদক ব্যবসা করছেন।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দল রাত ৯টার দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসামি জিতেন্দ্র নাথের (৪০) বাড়ি তল্লাশি করে। তিনি শ্রীরামপুর ঋষি পাড়া গ্রামের সচিন্দ্রনাথের ছেলে।
তল্লাশিকালে আসামি জিতেন্দ্র নাথের বাড়ির সিঁড়ির নিচে বিশেষ কায়দায় রাখা একটি কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় মাদক বিক্রির সহযোগী হিসেবে তার স্ত্রী পলি রানী ঋষিকেও (৩০) গ্রেফতার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, আসামি জিতেন্দ্রনাথ সপ্তাহে দুই থেকে তিন কেজি গাঁজা সীমান্ত এলাকা থেকে ১৫-১৬ হাজার টাকা দরে ক্রয় করে ১৮ থেকে ২৯ হাজার টাকায় বিক্রি করতেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।











