ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন মরম। এসময় শিশুটির মা সেখানে গিয়ে ঘটনাটি দেখতে পান। তিনি চিৎকার করলে মরম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে শিশুটিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা সোমবার ছাতক থানায় মামলা করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে মরম আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামি মরম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।











