নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত তিনজন, মাদকসেবনের অভিযোগে পাঁচজন এবং নিয়মিত মামলায় দুইজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে পরোয়ানাভুক্ত হিসেবে আরিফ, তোফাজ্জল ওরফে তুহিন এবং সাদেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে সাদ্দাম হোসেন, ইব্রাহিম, নাজমুল, মাসুম রানা ও হাসানকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে নিয়মিত মামলায় ময়নাল হোসেন মলাই মিয়া ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকসেবন ও অপরাধ নিয়ন্ত্রণে সোনারগাঁ থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামারি ট্রায়ালের কার্যক্রমও অব্যাহত থাকবে।











