নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর পুরান বাজার এলাকার রংপুর গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. ইয়াসিন মিয়া (২৭)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কাঁচপুর পুরান বাজারের রংপুর গলিতে হাসানের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











