সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাড়িয়া গুবনদী গ্রামের রশিদ ভাইয়ের ওয়াসার সীমানা সংলগ্ন এলাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি জমে থাকায় অনেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে পারছেন না।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে ওই এলাকার সড়ক ও চলাচলের পথ পানিতে তলিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও নারীসহ কর্মজীবী মানুষদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরে যেতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবারও টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত পানি সরিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সমস্যা সমাধান এবং স্বাভাবিক চলাচলের পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, চেয়ারম্যানের উদ্যোগে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা বাস্তবায়ন হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমে আসবে।











