নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগ উঠেছে একটি মিষ্টির কারখানার বিরুদ্ধে। উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় কামালের মিষ্টির দোকানের কারখানায় সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
কারখানায় গিয়ে দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশেই বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হচ্ছে। তৈরি করা মিষ্টির ওপর ঘুরে বেড়াচ্ছে মাছি ও মশা। পাশাপাশি কারখানার বিভিন্ন স্থানে তেলাপোকার উপস্থিতিও দেখা যায়। এমন পরিবেশে তৈরি খাবার জনস্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে ন্যূনতম স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি হলেও সংশ্লিষ্ট কারখানায় তার কোনো বালাই নেই। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির কারণে ক্রেতারা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে মিষ্টির দোকানের মালিক কামালের বক্তব্য জানতে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, অভিযোগ একপর্যায়ে তিনি ‘ম্যাজিস্ট্রেটদের দেখার টাইম নাই’ বলেও মন্তব্য করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—খাদ্য তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়? অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের দ্রুত অভিযান এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সচেতন মহল।











