সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা ও জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতা বাড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে কমিউনিটি হেলথ ওয়ার্কার, স্বেচ্ছাসেবক ও পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিসহ মোট ৫৫ জন অংশ নেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে ‘পাইলটিং দ্য ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস প্রোটোকল ফর রোড ক্র্যাশ ভিকটিমস’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক। প্রশিক্ষণ পরিচালনা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
অনুষ্ঠানে ব্র্যাক হেলথ প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার ডা. নাসরিন আক্তার নুপুর বলেন, সড়ক দুর্ঘটনার পর আহত ব্যক্তির জন্য প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত সঠিকভাবে প্রাথমিক চিকিৎসা ও জরুরি সহায়তা দিতে পারলে অনেক ক্ষেত্রে আহত ব্যক্তির জীবন রক্ষা করা সম্ভব। এ লক্ষ্যেই মাঠপর্যায়ে যারা দুর্ঘটনার সময় প্রথমে আহতদের কাছে পৌঁছান, তাদের প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, কাঁচপুর ব্রিজ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে সড়ক দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই এ এলাকায় দুর্ঘটনায় আহতদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবল তৈরি করা হচ্ছে।
প্রশিক্ষণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপপরিচালক ওসমান গনি, সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার জাহেদ আলম এবং পাঁচজন প্রশিক্ষক উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্র্যাকের ব্রিজ রেসপন্স প্রফেশনাল নুসরাত বাবুল নেন্সীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
আয়োজকরা জানান, চলতি বছরের জুন থেকে সোনারগাঁয়ে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রশিক্ষণে দুর্ঘটনাস্থলে আহত ব্যক্তির অবস্থা মূল্যায়ন, রক্তপাত বন্ধ করা, আহত ব্যক্তিকে নিরাপদে স্থানান্তর, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত হাসপাতালে পাঠানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে মোট ৫৫ জন অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের জন্য দ্রুত ও কার্যকর জরুরি সেবা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে একটি প্রশিক্ষিত সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।











