পাহাড়ি জলাশয়ের সঠিক ব্যবহারে পুষ্টি চাহিদা পূরণ সম্ভব: ইউএনও
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে সাড়ম্বরে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ সমাপনী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন। উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দীপায়ন চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, “দেশের মৎস্য খাতকে টেকসই ও আরও সমৃদ্ধ করতে সরকার নানা মুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। পানছড়ির পাহাড়ি জলাশয় ও পুকুরগুলোর সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে স্থানীয় চাহিদা মিটিয়ে পুষ্টির ঘাটতি পূরণ এবং মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করা সম্ভব।”
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পোনা মজুদ বৃদ্ধি এবং অবৈধভাবে মৎস্য শিকার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক— দুই বিভাগে মোট ৬ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে এলাকার সফল মৎস্যচাষি, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।











