মেহেরপুরে ঐতিহ্যবাহী মেলা দেখতে গিয়ে একই গ্রামের তিন শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুরের দিকে তারা মেহেরপুর শহরের শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দির (হরিসভা) প্রাঙ্গণে আয়োজিত মেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে বিকেল পেরিয়ে রাত হলেও তারা আর ঘরে ফেরেনি। এ ঘটনায় শিশুগুলোর পরিবার ও পুরো গ্রাম জুড়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ শিশুরা হলো—মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে হুসাইন, নবিরুলের ছেলে রতন এবং সাহাবুদ্দিনের ছেলে রিফাত। তারা পরস্পর খেলার সাথি ও ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।
স্বজনরা জানান, শুক্রবার দুপুরে মেলায় যাওয়ার কথা বলে শিশুরা আনন্দমুখর পরিবেশে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে আসার পরও শিশুরা ফিরে না আসায় স্বজনরা চিন্তিত হয়ে পড়েন। এরপর মেলা প্রাঙ্গণ, আত্মীয়স্বজনের বাড়ি ও সম্ভাব্য নানা জায়গায় খোঁজ নেওয়া হলেও তাদের কোনো সন্ধান মেলেনি।
কোনো সহৃদয় ব্যক্তি বা পথচারী যদি শিশুগুলোর সন্ধান পান, তবে মানবিক খাতিরে ০১৯১০-৪৮২১৫৯ অথবা ০১৪০৬-১৩১০৩৭ নম্বরে যোগাযোগ করার জন্য নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে আকুল অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বিষয়টি সম্পর্কে পুলিশকে জানানো হয়েছে। স্বজনদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন হলে শিশুদের দ্রুত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।











