পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ৮টায় পানছড়ি জিরো পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি পানছড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। পাশাপাশি শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
র্যালিতে ধর্মীয় বিভিন্ন স্লোগান ও নাতে রাসুল ﷺ পরিবেশনের মধ্য দিয়ে মহানবী ﷺ-এর জন্ম ও জীবনাদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মহানবী ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং ঈদে মিলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য তুলে ধরাই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।
আয়োজকরা আরও বলেন, মহানবী ﷺ মানবজাতির জন্য শান্তি, মানবতা, ন্যায় ও কল্যাণের যে শিক্ষা রেখে গেছেন, তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে জশনে জুলুস র্যালি সম্পন্ন হয়। এ আয়োজনে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।











