নওগাঁর মানবিক সংগঠন ‘ফ্রেন্ডস প্যানেল’-এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ টাকার বিনিময়ে ছাগল বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
দীর্ঘদিন ধরে নওগাঁ জেলা শহরে প্রতি শুক্রবারে অসহায় ও দুস্থ মানুষদের ১ টাকার বিনিময়ে ১ বেলা ভরপেট খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে ‘ফ্রেন্ডস প্যানেল’ নামের এই মানবিক সংগঠনটি।
গতকাল শুক্রবার বিকেলে পুরাতন কালেক্টরেট অফিস প্রাঙ্গণে সংগঠনটির ২০০তম সপ্তাহ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ১০ টাকার বিনিময়ে ছাগল বিতরণের এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী ও মরছুলা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা হোসনে আরা বেগম, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তার, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস প্যানেলের উপদেষ্টাবৃন্দ এবং ভারপ্রাপ্ত সভাপতি চঞ্চল কুমারসহ সকল সদস্যবৃন্দ। সংগঠনের সদস্য মানস ও আলী তাঁদের বক্তব্যে বলেন, ফ্রেন্ডস প্যানেল নওগাঁর যাত্রা শুরু হয়েছিল ৭ জন বন্ধুর হাত ধরে। বর্তমানে তাদের সদস্য সংখ্যা ৬৭ জন। তারা প্রতি সপ্তাহে ১ টাকার বিনিময়ে ১ বেলা ভরপেট খাওয়ানোর পাশাপাশি আরও অনেক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এর মধ্যে রয়েছে ১০ টাকার বিনিময়ে ঈদ মার্কেট, ১০ টাকার বিনিময়ে পূজার মার্কেট ইত্যাদি।
জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তার তাঁর বক্তব্যে নওগাঁর সম্পদশালী ব্যক্তিদের এই ফ্রেন্ডস প্যানেল সংগঠনের কার্যক্রমে সহযোগিতার জন্য আহ্বান জানান।
প্রধান অতিথি সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, এই ফ্রেন্ডস প্যানেলের কার্যক্রম নওগাঁবাসীর জন্য একটা উদাহরণ। এই ধরনের সংগঠন সমাজে যত বেশি কার্যক্রম পরিচালনা করবে, সমাজ তত সুন্দর ও উন্নত হবে। এই সংগঠনের সকল ভালো কার্যক্রমে তাঁর পূর্ণ সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
সবশেষে ২০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ টাকার বিনিময়ে ছাগল বিতরণ করেন সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। এ সময় ফ্রেন্ডস প্যানেলের সকল সদস্য উপস্থিত ছিলেন।











