নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় দলীয় সমর্থনের বিষয়ে শতভাগ আশাবাদী মো. মাসুম রানা। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলা মাসুম রানাকে ঘিরে ইতোমধ্যে পিরোজপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
দলীয় সমর্থন এবং সাধারণ মানুষের ভালোবাসা পেলে আসন্ন নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা রেখে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে কাজ করে যাচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।
মাসুম রানা বলেন, “দলের প্রতি আমার আস্থা ও আনুগত্য সবসময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলীয় নেতাকর্মী ও তৃণমূলের মানুষের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। আমি বিশ্বাস করি, দলের নীতিনির্ধারকরা তৃণমূলের মতামত ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবেন। সে জায়গা থেকে আমি দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।”
তিনি আরও বলেন, পিরোজপুর ইউনিয়নের মানুষের উন্নয়ন ও কল্যাণকে সামনে রেখে তিনি নির্বাচনে অংশ নিতে চান। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তা-ঘাট, ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মাসুম রানা বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের অধিকার ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেব। পিরোজপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
স্থানীয় একাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পিরোজপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাসুম রানার নাম নিয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা রয়েছে। দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও তার পক্ষে নেতাকর্মীদের একটি অংশ ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক তৎপরতা—এই তিনটি বিষয় প্রার্থিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, দলীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত পিরোজপুর ইউনিয়নে কার হাতে ওঠে সমর্থনের প্রতীকী পতাকা।
তবে দলীয় সমর্থন পেলে “জনগণের ভালোবাসা ও নেতাকর্মীদের ঐক্যকে শক্তিতে পরিণত করে নির্বাচনী মাঠে সর্বশক্তি নিয়ে নামবেন”—এমন প্রত্যয়ই ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় থাকা মো. মাসুম রানা।











