গাইবান্ধা প্রতিনিধি: দলিল লেখকদের পেশাগত নানা সমস্যা সমাধান ও ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা দলিল লেখক সমিতি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক জনাব মাসুদুর রহমান মোল্লার হাতে এই স্মারকলিপি তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন এবং তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
স্মারকলিপি প্রদানকালে জেলা, সদর ও বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক এবং জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার আহ্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডল ও সদস্য সচিব নাজিম উদ্দীন মন্ডল, সাঘাটা উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সহ-দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম মিথেন, পলাশবাড়ীর শহীদ রানা জুয়েল, সুন্দরগঞ্জের গোলাম রাব্বানী প্রামাণিক এবং সদস্য আব্দুল কালাম আজাদসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে সমিতির নেতৃবৃন্দ জানান, দলিল লেখকদের দীর্ঘদিনের পেশাগত নানা জটিলতা ও বঞ্চনা নিরসনে এই ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও আশু পদক্ষেপ কামনা করেন তারা।











