বিপ্লব কুমার দাস, স্টাফ রিপোর্টার: ফরিদপুরের মাদক ও সন্ত্রাসসহ আইনশৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখতে চান ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে কর্মরত সংবাদকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় পুলিশ সুপার বলেন, ৫ আগস্টের পর পুলিশের হারানো আত্মবিশ্বাসকে জিম্মি করে এখনো অনেকেই নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অনেকেই তাদের আখের গোছানোর কাজে ব্যবহার করছেন, যা আর হতে দেওয়া হবে না।
তিনি বলেন, জেলার ডিবি পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে, খুব শীঘ্রই পুলিশ সক্রিয়ভাবে সকল ধরনের অপরাধ দমনে সমর্থ হবে।
এসব কাজে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে পুলিশ সুপার আরও বলেন, শীঘ্রই মাদক, সন্ত্রাস, ছিনতাই, যানজট, চুরি ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সমর্থ হবে পুলিশ।
মতবিনিময় সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সংবাদকর্মী পান্না বালা, নাজিম বকাউলসহ বক্তারা জেলার নানা সমস্যার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম ও আজমির হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











