জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক: ছাতক শহরের জনগুরুত্বপূর্ণ এলাকা মাছবাজার ও কলাহাটা নৌকাঘাট যেন ময়লার ডিপোতে পরিণত হয়েছে। জনসাধারণ সহজ যাতায়াতের এই নৌকাঘাটগুলোর এমন অমানবিক পরিবেশ যেন দেখার কেউ নেই। ছাতকের ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও, বনগাঁও, লুভিয়া, শারফিন নগর এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর, নরসিংপুর, নাছিমপুর, পূর্ব সোনাপুর এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইচাকলস, আমবারি সহ সীমান্তবর্তী এলাকার কয়েকটি গ্রাম থেকে শত শত মানুষ প্রতিদিনই এই ঘাটগুলো ব্যবহার করে নৌকায় যাতায়াত করছেন। নৌপথে সহজে ছাতক বাজারে আসা নারী-পুরুষ, শিশু ও বয়স্কদের জন্য নৌকাঘাটগুলো নিরাপদে যাতায়াতের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে ঘাটের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে নানা অভিযোগ রয়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মাছবাজার পাবলিক টয়লেটের আশপাশে মানুষজনের প্রকাশ্যে প্রস্রাব করার কারণে সেখানে তীব্র দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। ফলে ঘাটে চলাচলকারী মানুষকে চরম দুর্ভোগের পাশাপাশি একটি অস্বাস্থ্যকর ও দৃষ্টিকটু পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে যাতায়াতকারী নারী ও শিশুদের। প্রকাশ্যে প্রস্রাবের বিষয়টি বিব্রতকর ও অস্বস্তিকর।
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে পাবলিক টয়লেটটির অবস্থা আজ খুবই নাজুক। পাবলিক টয়লেট দেখলে মনে হয় যেন কয়েক দশক আগের একটি পরিত্যক্ত স্থাপনা, যা কোনো রকমে ধুঁকে ধুঁকে টিকে আছে। অপরিচ্ছন্ন পরিবেশ, জরাজীর্ণ অবকাঠামো এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব জনসাধারণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
একটি পরিচ্ছন্ন ও আধুনিক পাবলিক টয়লেট শুধু নাগরিক সুবিধাই নয়, এটি জনস্বাস্থ্য, পরিবেশ এবং একটি শহরের পরিচ্ছন্নতারও গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি শহরের সভ্যতা ও নাগরিক সেবার মানও তুলে ধরে।
তাই মাছবাজারের পাশে বিদ্যমান পাবলিক টয়লেট দ্রুত সংস্কার, আধুনিকায়ন করে ব্যবহার উপযোগী করা, প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পাবলিক টয়লেটের ব্যবস্থা, টয়লেটের পাশে প্রকাশ্যে প্রস্রাব করা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ঘাটের আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা সহ নারী ও শিশুদের কথা বিবেচনায় নিয়ে ঘাটে একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জরুরি হস্তক্ষেপ সহ পাশের নৌকাঘাটের রাস্তাটি দ্রুত সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ এবং হাজারো মানুষের দৈনন্দিন প্রয়োজনের এই সেবাকেন্দ্রকে ব্যবহারযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও যাত্রী সাধারণ।
এদিকে, কলাবাজারের জনগুরুত্বপূর্ণ এ নৌকাঘাটটি পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করে সুন্দর পরিবেশ নিশ্চিত করার দাবি দীর্ঘদিনের। কলাবাজার নৌকাঘাট শুধু একটি যাতায়াতের স্থান নয়, এটি শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন শত শত মানুষের প্রয়োজনের সঙ্গে এটি জড়িত। তাই মানুষের দুর্ভোগ ও দুর্গন্ধময় পরিবেশ থেকে মুক্তি দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। এটি ব্যবহারযোগ্য, পরিচ্ছন্ন ও আধুনিক করে তুলতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি আশা করছেন স্থানীয়রা।
জনগুরুত্বপূর্ণ নৌকাঘাটের পাশে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই কাম্য নয় বলে অনেকেই মন্তব্য করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন বলেন, এ বিষয়ে বাজারের ব্যবসায়ীসহ সকল নাগরিককে সচেতন হতে হবে। ময়লা-আবর্জনা দূর করতে বাজারের ব্যবসায়ীদের সাথে বসে আলোচনা করে ঘাটের পরিবেশ সুন্দর করার জন্য উদ্যোগ নিচ্ছি। এছাড়া পাবলিক টয়লেটটি জনসাধারণের জন্য ব্যবহার উপযোগী করতে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।











