নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী মুসলিম পাড়ায় অতিবৃষ্টিতে ভেঙে যাওয়া একটি সড়ক দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, হামছাদী মুসলিম পাড়ায় রশিদ প্রধানের বাড়ির সামনের সড়কটি অতিবৃষ্টির কারণে ভেঙে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ চলাচল ব্যাহত হচ্ছিল।
বিষয়টি স্থানীয় বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। তাঁর উদ্যোগে ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করা হলে সড়কটি পুনরায় চলাচলের উপযোগী হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার অতিবৃষ্টিতে সড়কটি ভেঙে যাওয়ায় তারা ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যানের উদ্যোগে সড়কটি মেরামত হওয়ায় তাদের দুর্ভোগ অনেকটাই কমেছে।
সড়কটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি জনসাধারণের দুর্ভোগ লাঘবে এ ধরনের দ্রুত পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।











