নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোনামুই গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক, খানাখন্দ আর দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমান কোম্পানি সংলগ্ন জরাজীর্ণ সড়কটির সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার সোনামুই গ্রামে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান (এমপি)।
দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে পানি জমে চলাচল আরও কঠিন হয়ে পড়ত। যানবাহন চলাচলেও দেখা দিত নানা প্রতিবন্ধকতা। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
সড়কটির সংস্কার কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ খুলেছে। উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই এই উদ্যোগকে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল মামুন, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার দেলোয়ার মেম্বারসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এলাকাবাসী বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষাকালে দুর্ভোগ ছিল চরমে। অবশেষে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তারা আশাবাদী।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আল মামুনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে সড়কটির সংস্কার কাজ যেন টেকসই ও মানসম্মতভাবে সম্পন্ন হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন স্থানীয়রা।
স্থানীয়দের প্রত্যাশা, সংস্কার কাজ শেষ হলে সোনামুই গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে।











