সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক কাইকারটেক হাটকে আধুনিক ও মডেল হাটবাজার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁকে আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ উন্নয়নকাজ শুরু করা হয়।
প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ কাজী নজরুল ইসলাম টিটু।
উদ্বোধনকালে কাজী নজরুল ইসলাম টিটু বলেন, “আমরা আমাদের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে সোনারগাঁয়ের মানুষের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। সোনারগাঁকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি বলেন, “ঐতিহাসিক কাইকারটেক হাট শুধু একটি বাজার নয়, এটি সোনারগাঁয়ের ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। তাই এ হাটকে আধুনিক ও মডেল হাটবাজার হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে হাটের অবকাঠামো ও জনসাধারণের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতেও এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা, পরিকল্পিত অবকাঠামো ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে কাইকারটেক হাটের ব্যবসায়িক গুরুত্ব আরও বাড়বে। এতে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নকাজ বাস্তবায়িত হলে কাইকারটেক হাটের পরিবেশ ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উন্নয়নের ধারাবাহিকতায় কাইকারটেক হাটকে আধুনিক ও মডেল হাটবাজারে রূপান্তরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।











