ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা: “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা—আসুন নিজেকে বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক দায়িত্ববোধ বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসচিব নওশীন আহাম্মদ, কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।
শোভাযাত্রা শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সড়কের সৌন্দর্য ও চলাচল নির্বিঘ্ন রাখতে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচ্ছন্ন ত্রিশাল গড়ার লক্ষ্যে এ ক্যাম্পেইন নিয়মিতভাবে পরিচালিত হবে। প্রতি রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, সচেতনতামূলক প্রচার এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ত্রিশালকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।











