সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজে সাজবে শিক্ষাঙ্গন, পরিবেশ রক্ষায় বাড়বে সচেতনতা—এমন লক্ষ্য নিয়ে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যায় উৎসাহিত করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে পেয়ারা, জাম, কাঁঠাল, হরীতকী, বহেরাসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থাওইল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রফিকুল মৃধা, আলমগীর, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। আজ একটি চারা রোপণ করলে ভবিষ্যতে সেটিই মানুষের জন্য বড় সম্পদ ও পরিবেশের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে।
সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ বলেন, নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু চারা বিতরণ নয়, শিক্ষার্থীরা যেন গাছগুলো নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলে—সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি গাছ লাগানোর পাশাপাশি সেটির দায়িত্ব নেওয়াও আমাদের সবার কর্তব্য।
স্মার্ট প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিক আশরাফুল সরদার বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে এখন থেকেই পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা গেলে ভবিষ্যতে এর ইতিবাচক প্রভাব সমাজ ও দেশের ওপর পড়বে। প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিক—এটাই আমাদের প্রত্যাশা।
আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে।











