নাটোরের সিংড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করা মেহজাবিন ইকবাল মাধুর্যকে একটি এইচপি ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে। ১১৮৭ নম্বর পেয়ে উপজেলা সেরা হওয়ায় নিউ মা টেলিকমের পক্ষ থেকে তার হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় সিংড়া শহরের মাদ্রাসা মোড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল ইসলাম আনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহজাবিনের হাতে ল্যাপটপটি তুলে দেন।
অনুষ্ঠানে নিউ মা টেলিকমের স্বত্বাধিকারী আব্দুল খালেক সভাপতিত্ব করেন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়ায় উপস্থিতরা আয়োজকদের প্রশংসা করেন।
এ সময় এসএসসি পরীক্ষায় সিংড়া উপজেলায় দ্বিতীয় স্থান অর্জনকারী রুকাইয়া তাসনিম এবং তৃতীয় স্থান অধিকারী শাহেদ আলীকেও সম্মাননা জানানো হয়। তাদের প্রত্যেকের হাতে একটি করে মোবাইল ফোন ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাবীদের পাশে সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মেহজাবিনের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। উপজেলার শিক্ষাঙ্গনে তার কৃতিত্ব অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয়রা।











