সিংড়া (নাটোর) প্রতিনিধি: মোঃরাশিদুল ইসলাম
নাটোরের সিংড়ায় সাধারণ ও অসহায় রোগীদের জন্য চালু হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম। প্রতি শুক্রবার নিয়মিতভাবে প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেবেন গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস (মৌসুমী)।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে সিংড়া হাসপাতাল গেট সংলগ্ন জননী ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এ সময় জননী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা জামান রনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সিংড়ার সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিশেষায়িত চিকিৎসাসেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জননী ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস (মৌসুমী)।
ডাঃ মৌসুমী প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ও সার্জন। তিনি এমবিবিএস (সিএমসি), বিসিএস (স্বাস্থ্য) এবং এমএস (গাইনি অ্যান্ড অবস্, ফেজ-বি) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত।
উদ্বোধনের দিন ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। স্থানীয়দের জন্য এমন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছে জননী ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।











