পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায়, রোটারি ক্লাব ও লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ সহযোগিতায় খাগড়াছড়ির পানছড়িতে দিনব্যাপী এক বিশাল বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) পানছড়ি মডেল মসজিদ কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে পানছড়ি উপজেলাসহ পার্শ্ববর্তী দূর-দূরান্তের প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ বিনামূল্যে চোখের সেবা গ্রহণ করেন। অভিজ্ঞ ৩ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দিনভর রোগীদের চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, “পাহাড়ি এলাকার অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাঁদের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম লক্ষ্য। দুর্গমতার কারণে অনেকেই শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। আমাদের এই প্রয়াস তাঁদের চোখের আলো বজায় রাখতে ভূমিকা রাখবে। এ জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
চিকিৎসা ক্যাম্পেইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ছানি (Cataract) রোগী শনাক্তকরণ। প্রাথমিক চিকিৎসায় যাদের ছানি ধরা পড়েছে, তাঁদের তালিকা তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের ছানি অপারেশন সম্পন্ন করা হবে।
সেবা নিতে আসা স্থানীয় অধিবাসীরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাহাড়ে সম্প্রীতি রক্ষা ও প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ উদ্যোগ সর্বস্তরে প্রশংসিত হয়েছে।











