উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর পানিতে ভেসে আসা এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান বাজার এলাকায় আত্রাই নদীর পানিতে খেয়াঘাট সংলগ্ন স্থানে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ওইদিন দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মহাদেবপুর থানার ওসি তদন্ত আব্দুর রহিম জানান, আত্রাই নদীর পানিতে ভেসে থাকা মরদেহটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মরদেহটি ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট থানার উত্তর চকভবানী এলাকার জীবন সরকারের ছেলে পবিত্র সরকারের (৪০)।
পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, দুষ্কৃতকারীরা ভারতের অভ্যন্তরে তাকে হত্যা করে মরদেহ আত্রাই নদীর পানিতে ফেলে দিতে পারে। পরে মরদেহটি ভেসে এসে মহিষবাথান এলাকায় আটকে যায় বলে ধারণা করা হচ্ছে।
মরদেহটি আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।











