নাটোর সিংড়া (প্রতিনিধি) মো. রাশেদুল ইসলাম
নাটোরের সিংড়ায় চলনবিলে খড়বোঝাই নৌকা নিয়ে বাড়ি ফেরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নম্বর তাজপুর ইউনিয়নের শহরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি খড় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শহরবাড়ী এলাকা থেকে গবাদিপশুর জন্য খড় কিনে নৌকায় বোঝাই করে বাড়ির উদ্দেশে রওনা হন ফরহাদ আলী। চলনবিলের পানিপথে নৌকাটি এগিয়ে যাওয়ার সময় নৌকা চালানোর বাঁশের লগি ওপর দিয়ে ঝুলে থাকা পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে।
এতে মুহূর্তের মধ্যে নৌকাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হন ফরহাদ আলী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চলনবিলের নৌপথে এ ধরনের ঝুলন্ত বিদ্যুৎ তারের কারণে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।











