আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’-এর সঙ্গে যুক্ত হলেন দেশের পরিচিত মডেল নওশিন সুধা এবং জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বুশরা কবির। প্রতিযোগীদের বৈশ্বিক মঞ্চের জন্য আরও আত্মবিশ্বাসী ও আধুনিক করে গড়ে তুলতে তাদের এই অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা।
এই আয়োজনে স্টাইল আইকন হিসেবে প্রতিযোগীদের ফ্যাশন সেন্স, ব্যক্তিত্ব ও উপস্থাপনা নিয়ে কাজ করবেন নওশিন সুধা। অন্যদিকে, বুশরা কবির ইনফ্লুয়েন্সার ও গ্রুমার হিসেবে প্রতিযোগীদের ডিজিটাল ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন ও কনটেন্ট প্রেজেন্টেশন বিষয়ক দিকনির্দেশনা দেবেন।
‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ’ মূলত তরুণীদের মেধা, সৌন্দর্য ও সামাজিক সচেতনতা বিশ্বদরবারে তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম। এখান থেকে নির্বাচিত বিজয়ী আন্তর্জাতিক মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
এই প্রতিযোগিতার লাইসেন্সধারী ও জাতীয় আয়োজক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইমেকার্স বাংলাদেশ। দীর্ঘদিন ধরে বড় বড় বিনোদনমূলক আয়োজন করা এই প্রতিষ্ঠানটি এবার ফ্যাশন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সমন্বয়ে ভিন্নধর্মী এক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
ইমেকার্স বাংলাদেশের কর্পোরেট ডিরেক্টর নূর সিবা বলেন, “মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে আমরা কেবল একটি সাধারণ সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে সীমাবদ্ধ রাখতে চাই না। আমাদের লক্ষ্য, প্রতিযোগীরা যেন বিশ্বমঞ্চে বাংলাদেশকে স্মার্ট ও আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে পারে। এ কারণেই আমরা দক্ষ ও অভিজ্ঞ পেশাদারদের এই আয়োজনে যুক্ত করছি।”
তিনি আরও বলেন, “ফ্যাশন ও স্টাইলে নওশিন সুধার অভিজ্ঞতা এবং ডিজিটাল মাধ্যমে বুশরা কবিরের দক্ষতা আমাদের প্রতিযোগীদের গ্রুমিংয়ে নতুন মাত্রা যোগ করবে। তাদের দিকনির্দেশনায় প্রতিযোগীদের ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।”
সম্প্রতি ২৫ আগস্ট রাজধানীর রেনেসাঁ ঢাকা হোটেলে ইমেকার্স বাংলাদেশের কর্পোরেট ডিরেক্টর নূর সিবা এবং নওশিন সুধা ও বুশরা কবিরের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
আয়োজকদের বিশ্বাস, এই দুই তারকার যুক্ত হওয়া প্রতিযোগীদের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
খুব শিগগিরই একটি জমকালো ‘ক্রাউন রিভিল নাইট’ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে সারা দেশের যোগ্য তরুণীরা আন্তর্জাতিক এই মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ইমেকার্স বাংলাদেশের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রতিযোগিতার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিযোগীদের আন্তর্জাতিক মানের গ্রুমিং, ফ্যাশন ও সোশ্যাল মিডিয়া ট্রেইনিংয়ের মাধ্যমে মূল মঞ্চের জন্য প্রস্তুত করা হবে।











