বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও ভক্তদের চমকে দিতে প্রস্তুত হচ্ছেন। নতুন সিনেমা ‘লালকারা’য় ২৫ বছর বয়সী এক তরুণের চরিত্রে অভিনয় করবেন তিনি। চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। জানা গেছে, এর জন্য কঠোরভাবে ওজন কমাচ্ছেন তিনি।
সিনেমাটি পরিচালনা করছেন আশুতোষ গোয়ারিকর। ‘লালকারা’কে একটি স্পোর্টস ড্রামা হিসেবে নির্মাণ করা হচ্ছে। সিনেমাটির গল্প ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করে হতে পারে বলে জানা গেছে।
চরিত্রের প্রয়োজনে নিজের শারীরিক গঠন ও চেহারায় পরিবর্তন আনার জন্য বরাবরই পরিচিত আমির খান। এবারও চরিত্রের বয়স ও গল্পের সঙ্গে সামঞ্জস্য রাখতে শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করছেন তিনি। ফলে সিনেমাটিতে ২৫ বছর বয়সী আমিরকে কেমন দেখাবে, তা নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
‘লালকারা’র মাধ্যমে দীর্ঘদিন পর আবারও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করছেন আমির খান। এর আগে এই জুটি একসঙ্গে কাজ করেছিলেন জনপ্রিয় সিনেমা ‘লাগান’-এ। ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত সেই সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
এবারও ক্রিকেটনির্ভর গল্প নিয়ে পর্দায় ফিরছেন এই জুটি। ফলে ‘লালকারা’ ঘিরে প্রত্যাশাও বাড়ছে।
এর আগে ‘লালকারা’য় ফারহান আখতারের অভিনয়ের খবর ছড়িয়েছিল। পরে শিডিউল সমস্যার কারণে তাকে বাদ দিয়ে সিদ্ধান্ত গুপ্তকে নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ হয়। তবে ফারহান আখতার পরে বিষয়টি অস্বীকার করেন।
তিনি জানান, সিনেমাটিতে অভিনেতা হিসেবে তিনি কখনো আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিলেন না। তবে প্রযোজক হিসেবে ‘লালকারা’র সঙ্গে থাকছেন ফারহান। রিতেশ সিধওয়ানির সঙ্গে তার প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।
এখন সিনেমাটিকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা আমিরের ওজন কমানোর প্রস্তুতি নিয়ে। ২৫ বছর বয়সী চরিত্রে ‘মিস্টার পারফেকশনিস্ট’কে পর্দায় কেমন দেখাবে, সেটিই এখন দেখার অপেক্ষা।











