মোঃ রাশেদুল ইসলাম, সিংড়া উপজেলা প্রতিনিধি: বর্ষার পানিতে পরিপূর্ণ চলনবিল যেন আবারও ফিরে পেয়েছে তার চিরচেনা সৌন্দর্য। নাটোরের সিংড়া উপজেলার বিস্তীর্ণ জলরাশিতে পরিবার-পরিজন নিয়ে নৌভ্রমণে আসছেন অসংখ্য পর্যটক। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিলের বিস্তীর্ণ জলরাশি।
রঙিন সাজে সজ্জিত নৌকায় ভেসে বেড়িয়ে পর্যটকেরা উপভোগ করছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য, শীতল বাতাস ও শান্ত পরিবেশ। ব্যস্ত নগরজীবনের ক্লান্তি ভুলে পরিবারকে নিয়ে নির্মল আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন তারা।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে চলনবিলের এই মনোমুগ্ধকর রূপ উপভোগ করতে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের আগমন। এতে যেমন বিনোদনের নতুন মাত্রা যুক্ত হয়েছে, তেমনি নৌকার মাঝি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি চলনবিল—যেখানে একবার এলে বারবার ফিরে আসতে মন চাইবেই। পরিবার নিয়ে নিরাপদ, মনোরম ও আনন্দময় নৌভ্রমণের জন্য সিংড়ার চলনবিল এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।











